প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যেকোনো দেশের সুশৃঙ্খল বাহিনীর জন্য ‘চেইন অব কমান্ড’ এবং ‘ডিসিপ্লিন’ মেনে চলা অপরিহার্য। এ দুটি বিষয়ে সামান্য অবহেলাও কোনো বাহিনীকে সুশৃঙ্খল করে তুলতে পারে না। বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনসার সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনাদেরকে এ বিষয়টি গভীরভাবে মনে রাখা দরকার। কোনো বাহিনীর মধ্যে চেইন অব কমান্ড ও ডিসিপ্লিনের অভাব দেখা দিলে জনমনে আস্থার সংকট তৈরি হয়।” তিনি বলেন, স্বাধীনতার পর দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম ও নগর পর্যায়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এবং আনসার বাহিনীকে একীভূত করে শক্তিশালী করেন। এই দূরদর্শী পদক্ষেপই আজ আনসার-ভিডিপিকে বহুমাত্রিক ও জনসম্পৃক্ত বাহিনীতে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সংকটময় সময়ে থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া সামাজিক সচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদানেও তারা সক্রিয়।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি এখন জনগণের আস্থাভাজন ‘ফার্স্ট রেসপন্ডার’ স্বেচ্ছাসেবক বাহিনী। বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে তাদের সাহসিকতা ও দ্রুততা দৃষ্টান্তমূলক।
আরও পড়ুন: জনগণকে ভূমিসেবা পেতে আর হয়রানি নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও জানান, রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মতো পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে আনসার-ভিডিপি টেকসই উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































