চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন টিনের ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে এই চাবি তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নতুন ঘরের চাবি হস্তান্তর করেছেন।
উপ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। পরে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। বন্যায় জলাবদ্ধতার এসব এলাকায় শত শত মানুষের ঘর-বাড়ি, পুকুর, জলাশয় ও ঘেরের মাছ পানিতে ভেসে যায়।
আরও পড়ুন:
একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর অস্থিতিশীল করতে সক্রিয়: প্রধানমন্ত্রী
কর্মসূচি শেষ করে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশে হেলিকপ্টারে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহর সঙ্গে সরকারপ্রধান সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন আতিকুর রহমান রুমন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































