রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন।
জামিন আবেদনকারী ২৭ আসামি হলেন—মো. দিনারুল আলম (৫০), ইমান আহম্মেদ (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মণ্ডল (৫৫), আবদুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লার সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।
আরও পড়ুন: সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় ১৩ জনের বিরুদ্ধে মামলা
আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত জামিনের পক্ষে শুনানিতে বলেন, আসামিরা নির্দোষ। প্রশাসনের অনুমতি নিয়েই তারা বৈঠক করছিলেন এবং তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তিনি আদালতে পুলিশের অনুমতিপত্রও উপস্থাপন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে বলেন, আসামিরা অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করছিলেন। তিনি তাদের ‘ফ্যাসিস্টের সহযোগী’ হিসেবে কাজ করার অভিযোগও করেন এবং জানান, জামিন দিলে মামলার তদন্ত বাধাগ্রস্ত হতে পারে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ ২৭৮ জনকে আটক করে। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল রোববার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় জেলহাজতে আটক রাখার আবেদন করেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































