বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। রোববার (১৮ মে) সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, ইউকে আয়োজিত ২০২৪ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এসময় তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য স্কুল সিলেবাসে পরিবর্তনসহ ডাইনামিক পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, ইউকের সভাপতি শেখ নাসেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরফরাজ সরফুরের সঞ্চালনায় তারেক রহমান তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কথা স্মরণ করে বলেন, “বড় ভাই হিসেবে আমি বলব, কোকোর মধ্যে একজন ক্রীড়াবিদ হিসেবে যা যা দরকার, সবই ছিল। আমি রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও কোকো বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে অবদান রেখেছে। তার অবদান বাংলাদেশের খেলোয়াড়রা জানেন এবং ভবিষ্যতেও স্মরণ করবেন। এ জন্য আমি গর্ববোধ করি।”
তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরে বলেন, “ইনশাল্লাহ, বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে তাদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, যা পড়াশোনায় মনোযোগ বাড়ায়।”
তিনি আরও বলেন, “স্কুলের সিলেবাসে পরিবর্তন আনা হবে। প্রতি বিষয়ের ১০০ নম্বরের মধ্যে ২০ নম্বর কমিয়ে ৮০ নম্বর করা হবে এবং বাকি ২০ নম্বর পাঁচটি স্পোর্টস বিষয়ের জন্য বরাদ্দ থাকবে। শিক্ষার্থীরা এর মধ্যে একটি খেলা বেছে নেবে, যা তাদের খেলাধুলায় পারদর্শী ও মনোযোগী করবে। এভাবে মেধাবী খেলোয়াড় বাছাই করে ২০২৮ সালের অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে। বিএনপি সরকার গঠন করলে এই প্রস্তুতির সকল খরচ বহন করবে।”
তিনি শহরাঞ্চলে খেলার মাঠের অভাব নিরসনে ঢাকায় প্রতি দুটি ওয়ার্ডে একটি সবুজ পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানান। লন্ডনের সবুজ পার্কগুলোকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের শহরগুলোতেও এমন পার্ক প্রয়োজন, যেখানে ছেলে-মেয়েরা খেলাধুলা করতে পারবে।”
দেশ গঠনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “দেশে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। এখন দেশ গড়ার সময়। সকল রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ক্রীড়াঙ্গনের উন্নয়ন, মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, আইনি শাসন প্রতিষ্ঠার মতো বিষয়ে কারও দ্বিমত থাকা উচিত নয়।” তিনি জোর দিয়ে বলেন, “দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করি।”
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক, যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী এবং কমিউনিটির অতিথিরা উপস্থিত ছিলেন।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































