ইশরাক হোসেন-newsedge24

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে, ২০২৫) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

তবে, রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা। গত বুধবার রিটের ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। গত ১৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ইশরাককে মেয়র ঘোষণাকারী নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরদিন ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে এবং তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ডিএসসিসিসহ বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।

এরপর ইশরাকের মামলায় গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় দেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে ২৭ এপ্রিল ইসি গেজেট প্রকাশ করে। তবে, শপথ গ্রহণে বিলম্বের কারণে ইশরাকের সমর্থকরা ‘নগরবাসী’ ব্যানারে মৎস্য ভবন এলাকায় টানা সাত দিন ধরে বিক্ষোভ করে আসছিলেন।

ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, “হাইকোর্টের এই আদেশের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ নেওয়ার পথে সব বাধা দূর হয়েছে। আমরা আশা করছি, শিগগিরই তিনি শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *