স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-newsedge24

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে একটি ভুয়া বা এআই জেনারেটেড অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট ২০২৫) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, “প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চেনেন, তিনি সহজেই বুঝতে পারবেন এটি তার কণ্ঠ নয়।” ইসমাইল চৌধুরী সম্রাটসহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ছড়ানো ২৫ সেকেন্ডের এই ভুয়া অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়।

মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভুয়া অডিও সাধারণ জনগণের মধ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এতে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অসত্য ও বিভ্রান্তিকর অডিও তৈরির তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

আরও পড়ুন: গণঅধিকার পরিষদ ও পুলিশের সংঘর্ষ, আহত নুর

প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, “দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *