স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-newsedge24

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে। তিনি জানান, ডাকসু নির্বাচনে শতভাগ শিক্ষিত ভোটার এবং উচ্চশিক্ষিত কর্মকর্তারা ভোট পরিচালনা করছেন, যা জাতীয় নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, “অনেক বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি মডেল। আমরা আশা করি, সবার দোয়ায় এই নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে।”

জাহাঙ্গীর আলম আরও বলেন, “এই নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং ভোট দিচ্ছে। এটি জাতীয় নির্বাচনের জন্য একটি ভালো দৃষ্টান্ত হবে।”

আরও পড়ুন: ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠলো বাংলাদেশ: ফারুকী

তিনি জানান, ডাকসু নির্বাচনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *