তারেক রহমান-আগামী নির্বাচন-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লিখেছেন, “আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো—দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি তৃণমূল থেকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছে এবং সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে।” তিনি জানান, দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে ৭,০০০-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে কেউ পদচ্যুত এবং কেউ বহিষ্কৃত হয়েছেন। “শৃঙ্খলা আমাদের শক্তি,” বলে তিনি এই পদক্ষেপগুলোকে অপরিহার্য বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “বিএনপি সততার ব্যাপারে আন্তরিক। আমরা ক্ষমতাসীনদের কাছে যে মানদণ্ড দাবি করি, নিজেদেরও সেই মানদণ্ডে দাঁড় করাই।” জনগণের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে বিশেষ করে তরুণদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে বিএনপি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচি গ্রহণ করেছে। “আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে,” বলেন তিনি।

তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতান্ত্রিক ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের ক্ষমতায়ন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা তাদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন যুগে এগিয়ে চলেছি।”

আরও পড়ুন: রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদের নিয়ে হবে: সালাহউদ্দিন

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থেকে জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। আমি আপনাদের ওপর আস্থা রাখি, আপনারাও আমার ওপর আস্থা রাখুন। আমরা প্রমাণ করবো, বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও গণআকাঙ্খিত ভবিষ্যৎ গড়া সম্ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *