সালাহউদ্দিন আহমেদ-newsedge4

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জামায়াত ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, যারা সরকার গঠনের আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তাদের নির্বাচনে এসে জনগণের রায় নেওয়া উচিত। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘অর্পণ আলোক সংঘ’-এর উদ্যোগে ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, “আজকে এই বাহানা, কালকে ওই বাহানা দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চান কেন? আপনাদের উদ্দেশ্য আমরা জানি।” তিনি প্রশ্ন তুলে বলেন, “যুগপৎ আন্দোলনের সঙ্গী হিসেবে যে দলগুলো আছে, তাদের মধ্যে একটি দল ২০২৪ সালের ৭ জানুয়ারির ‘আমি-ডামি’ নির্বাচনে অংশ নিয়েছিল। তাদের সঙ্গে যুগপৎ করলে তারা নিষ্পাপ, আর যারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, তারা মহাপাপী—এই নীতি ঠিক নয়।”

সালাহউদ্দিন আরও বলেন, “আলোচনার টেবিল আর আন্দোলন যদি একই ইস্যুতে হয়, তাহলে এটা স্ববিরোধিতা। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চাইলে জনগণই তা সিদ্ধান্ত করবে। মিছিল বা সমাবেশ করে পিআর প্রতিষ্ঠিত হয় না। নির্বাচনী ইশতেহারে দাবি উল্লেখ করে নির্বাচনে আসুন, জনগণ যদি রায় দেয়, তাহলে তা বাস্তবায়ন করবেন। এটাই গণতান্ত্রিক রীতি।”

তিনি সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আর কোনো সংকট চাই না। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আমরা শহীদদের স্বপ্নপূরণে সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে পারব।”

আরও পড়ুন: শক্তিশালী সংগঠন করতে মানুষের কাছে পৌঁছাতে হবে: ফখরুল

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সরকারের ব্যর্থতার জন্য জনগণ প্রথমে তাদের দায়ী করে। এই সরকারের দায়িত্বে আসা সঠিক সিদ্ধান্ত ছিল না। ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে আছেন, তাদের প্রতিদিন দায়বদ্ধতার বোঝা বহন করতে হচ্ছে। তাদের নিজেদেরই এখন সিদ্ধান্ত নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *