বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্ম পালন করে—কিন্তু বিএনপি কখনো ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজকে বিভক্ত করতে বিশ্বাস করে না।” রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। অনেক বাধা আসছে। অপপ্রচার চলছে। সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে আমরা পরাজিত হব। সবার আগে মাথায় গেঁথে নিতে হবে—বাংলাদেশ। এই দেশকে এগিয়ে নিতে ছাত্রদলকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।”
তিনি জানান, “দেশ গড়ার পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব ভাবনার ফসল। তিনি ঘোষণা দিয়েছেন—ক্ষমতায় গেলে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। এই কর্মসূচি প্রমাণ করে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি।”
মহাসচিব বলেন, “পুরোনো রাষ্ট্রকাঠামো আর উপযোগী নয়। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব প্রথমে ছাত্রদলের। ৩১ দফা গ্রামে পৌঁছায়নি। এবার ‘দেশ গড়ার পরিকল্পনা’ গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে।”
আরও পড়ুন: মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমান নিজরে রাখছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করছেন। এত মানুষের দোয়া স্রষ্টা কবুল করবেনই।”






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































