রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
মাহমুদুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কারতা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি জানান, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। তারা টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় তার কোমরের বাম পাশে গুলি করে ২৲ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। আহত ব্যবসায়ীর স্বজনদের কাছ থেকে জানা গেছে, দুর্বৃত্তরা আনুমানিক ২০-২৲ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।”,

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































