এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-newsedge24

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৮ জুন ২০২৫) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এসএসএফ একটি ক্ষুদ্র তবে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বাহিনী। এটি আমার নেতৃত্বে ও তত্ত্বাবধানে পরিচালিত হয়। বিগত ১০ মাসে এসএসএফ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে।” তিনি বাহিনীর পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।

ড. ইউনূস বলেন, আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান-প্রদানের সহজলভ্যতার কারণে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তিনি জানান, “শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং। তবে এসএসএফ সীমাবদ্ধতা সত্ত্বেও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছে।” তিনি এসএসএফকে নিয়মিত হুমকি পর্যালোচনা, সাইবার নিরাপত্তা সুসংহতকরণ এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। সম্প্রতি যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রেক্ষিতে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের জন্যও একই উদ্যোগ প্রত্যাশা করেন।

নিরাপত্তার জন্য আরোপিত সীমাবদ্ধতা জনভোগান্তির কারণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “আমি এসএসএফকে জনভোগান্তি পরিহারের নির্দেশনা দিয়েছি।” তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য ফ্লাইট অপারেশন বন্ধের পুরোনো নিয়ম তুলে দেওয়ার কথা উল্লেখ করেন, যা সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাবে। তিনি বলেন, “জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে এসএসএফ দায়িত্ব পালন করবে।”

এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। গত ৫ আগস্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন ও সরঞ্জাম দ্রুত কার্যক্ষম করা হয়েছে। এসএসএফ শিগগিরই ১২ বছরের পুরোনো ভিএইচএফ রেডিও ব্যবস্থার পরিবর্তে আধুনিক ইউএইচএফ রেডিও সংযোজন করবে, যা অভিযানিক কার্যক্ষমতা বাড়াবে। এছাড়া, অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত, যা আগামী মাস থেকে ব্যবহারযোগ্য হবে। এই ফায়ারিং রেঞ্জের জন্য ভূমি বরাদ্দ ও সহযোগিতার জন্য ড. ইউনূস বাংলাদেশ বিমান বাহিনীকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা এসএসএফ সদস্যদের সব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, “এসএসএফকে পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি ও মনোবলের মাধ্যমে আরও উন্নতি করতে হবে।”

অনুষ্ঠানে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *