এনসিপি’র কর্মসূচিতে হামলার নিন্দা, শাস্তির দাবি বিএনপির-newsedge24

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারী ও দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।” তিনি আরও বলেন, “ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার বর্বরোচিত ঘটনা এই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।”

আরও পড়ুন: গোপালগঞ্জ সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা

তিনি মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী লীগের সমর্থকরা মরিয়া হয়ে ইন্টেরিম সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশে অরাজকতা সৃষ্টি করতে মাথাচাড়া দিয়েছে। তিনি বলেন, “এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।” তিনি গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *