রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, “আমরা বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে আজ যা ঘটেছে, তেমন অস্থিতিশীলতামূলক ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে।”
তিনি আরও বলেন, “বিএনপি এবং মিত্র গণতন্ত্রপন্থী অংশীদারদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে বেআইনি মবের শাসন এবং বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “যদি আমরা বাংলাদেশের অগ্রগতি দেখতে চাই, তাহলে আমাদের মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত, আইনের শাসন সমুন্নত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত।”
আরও পড়ুন: নুরুল হক নুরের নাকের হাড় ভেঙেছে , মাথায় আঘাত রয়েছে
তারেক রহমান গণতান্ত্রিক পথে জনগণের ক্ষমতায়ন এবং সকলের জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “কেবলমাত্র এই পথেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারবো।” তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































