রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে শীঘ্রই আইসিইউ থেকে ভিভিআইপি কেবিনে স্থানান্তরের প্রস্তুতি চলছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকালে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, “নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং চোখে আঘাত রয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে। তিনি এখনও কিছুটা ট্রমার মধ্যে রয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর সব ধরনের চিকিৎসা চলছে। আশা করা যাচ্ছে, তিনি এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।”
নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। তাঁর জন্য ভিভিআইপি ১ নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আইসিইউ থেকে এই কেবিনে স্থানান্তর করা হবে।
আরও পড়ুন: আজ প্রধান উপদেষ্টার ও বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল হক নুর গুরুতর আহত হন। আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে তিনি আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ ও বুক রক্তাক্ত ছিল এবং তাঁর নাক ফেটে গিয়েছিল।
এই ঘটনার পর গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। অন্যদিকে, জাতীয় পার্টি দাবি করেছে, তাদের কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোনে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































