আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ারে নেওয়া হয়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স রওনা হয়।
দুপুরে জুমার নামাজের পর পল্টনের বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।
ঢামেকে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: হাদীকে গুলিকরা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান: ডিএমপি কমিশনার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। ডিএমপি কমিশনার সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযানের কথা জানিয়েছেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































