ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে অভিযান চালিয়ে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফয়সাল করিম এই দম্পতির তৃতীয় সন্তান। ঘটনার দিন ফয়সাল আগারগাঁওয়ে তার বোনের বাসায় যান। সেখানে তিনি একটি কালো ব্যাগ নিয়ে যান এবং বাসার চিপা দিয়ে ব্যাগটি ফেলে দেন। পরে ভাগনেকে দিয়ে ব্যাগটি আবার নিয়ে আসেন। ফয়সাল তার ব্যবহৃত দুটি মোবাইলের একটি বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি মা হাসি বেগমকে দেন।
ঘটনার পর ফয়সালের বাবা-মা কেরানীগঞ্জের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলুর বাসায় আসেন। সেখানে তারা জুরাইন থেকে দুটি নতুন মোবাইল সিম কিনে ব্যবহার করছিলেন। নরসিংদীর তরুয়ার বিল থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল এবং ফয়সাল নামের আরেক যুবককে আটক করা হয়েছে। মোটরসাইকেল ও দুই হামলাকারীর পাসপোর্টও জব্দ করা হয়েছে। এই দম্পতিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মস্তিষ্ক ছাড়া ওসমান হাদির অন্য অঙ্গগুলো এখনো নিয়ন্ত্রণযোগ্য
গত শুক্রবার বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তিনি এখন সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































