জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রীর কুশল বিনিময়-newsedge24

দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই জাতীয় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করলেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ বুধবার দুপুর ১টায় প্রেসক্লাবে পৌঁছালে তাদের স্বাগত জানান সভাপতি হাসান হাফিজ। পরে টিভি রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেসক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি সব সময় সাংবাদিকদের সাথে আছি, থাকব। আমি খুবই সৌভাগ্যবান যে আপনারা সবাই আমার পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্রজীবন থেকে সেকেন্ড হোম। এখানে ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়-দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান হবে না। সেই সমস্যার সমাধানটি এই মন্ত্রণালয়ের এবং আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা তার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে। সেই আলোকে আমাদের কর্মকৌশল-কর্মপরিকল্পনা আপনাদের সামনে হাজির করব। তার আগে সাংবাদিকমহলসহ সকল অংশীদারদের সঙ্গে মতবিনিময় করব।”

আরও পড়ুন: তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রেসক্লাব থেকে বেরিয়ে তথ্যমন্ত্রী সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে যান। সেখানে তথ্য সচিব মাহবুবা ফারজানা ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *