পুলিশের উচ্চ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশের উচ্চ পর্যায় পর্যন্ত পরিবর্তন শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “না, কিছু পরিবর্তন তো আসবেই, একটু সময় দিলে আর কী…।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ। সেই অধিবেশনে কী কী কার্যসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ হবে।
আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ১০-১২ মার্চের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী
গতকাল রাজধানীর আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে বলে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদের রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।”

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































