দেশের আকাশপথের নিরাপত্তা ও নজরদারিতে নতুন মাইলফলক স্থাপিত হলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন প্রাইমারি ও সেকেন্ডারি সার্ভেলেন্স রাডারসহ কমিউনিকেশন, নেভিগেশন অ্যান্ড সার্ভেলেন্স-এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (সিএনএস-এটিএম) অটোমেশন সিস্টেম আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সকালে এই আধুনিক ব্যবস্থার কার্যক্রম উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রান্সের থ্যালাস কোম্পানির স্থাপিত এই রাডারের কভারেজ প্রায় ২৫০ নটিক্যাল মাইল। এর ফলে দেশের আকাশসীমার বাইরেও আঞ্চলিক বিমান চলাচল নির্ভুলভাবে শনাক্ত ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রাইমারি রাডার সরাসরি সিগন্যাল প্রতিফলনের মাধ্যমে এবং সেকেন্ডারি রাডার ট্রান্সপন্ডার তথ্য বিশ্লেষণ করে বিমানের অবস্থান, উচ্চতা, গতি ও পরিচয় নিশ্চিত করে।
ঢাকার উঁচু ভবনের কারণে সৃষ্ট ‘ব্ল্যাংক জোন’ দূর করতে মাল্টিল্যাটারেশন (এমএলএটি) সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়া ঢাকা, সিলেট, সৈয়দপুর, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দরে এডিএস-বি সিস্টেম চালু করা হয়েছে। নতুন অত্যাধুনিক কন্ট্রোল টাওয়ার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারও নির্মাণ করা হয়েছে।
প্রকল্পটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব অর্থায়নে প্রায় ৭৩০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে।
বেবিচকের সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো. নূর-ই-আলম বলেন, “এখন বাংলাদেশের আকাশসীমা অতিক্রমকারী কোনো বিমানই অদৃশ্য থাকবে না। এই উন্নত ব্যবস্থা আকাশপথের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি ওভারফ্লাইং চার্জ আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































