তুরাগ নদীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার জন্য এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপপ্রচারে জড়িতদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































