ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিকভাবে এই ভাষণ প্রচার করা হয়।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “শহিদ শরিফ ওসমান হাদির প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।”
এছাড়া, শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, শহিদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।
তিনি সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সিঙ্গাপুর সরকার, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাদির চিকিৎসায় অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। তিনি নিজে তার পরিচর্যা করেছেন এবং আমাকে নিয়মিত খোঁজখবর দিয়েছেন।”
আরও পড়ুন: ওসমান হাদির মরদেহ দেশের মাটিতে পৌঁছেছে
এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।”


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































