ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে নিহত কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাসের সন্তান, স্ত্রী এবং বাবা-মায়ের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। একইসঙ্গে নিহতের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
মঙ্গলবার বিকেলে তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় নিহতের বাবা রবি চন্দ্র দাস অসহায়ত্বের কথা তুলে ধরে ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।
উপদেষ্টা আবরার বলেন, “আমি আসার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমাকে পরিবারটির সঙ্গে কথা বলতে বলেছেন। পরিবারের চাহিদা নিরূপণ করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হবে।”
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিপু চন্দ্র দাস হত্যাকে ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যায়িত করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুজব বা বিশ্বাসগত পার্থক্য কখনো সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং মামলা পূর্ণাঙ্গভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: উগ্র গোষ্ঠীর সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়ে সরকারের বিবৃতি
সরকার ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সবাইকে সহিংসতা প্রত্যাখ্যান ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































