শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার রাতে চার দফা দাবি ঘোষণা করে সংগঠনটি। একই সঙ্গে সোমবারের কর্মসূচিও জানানো হয়।
সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সারাদেশের শিক্ষার্থীদের ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার বেলা ২টা থেকে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যায় ইনকিলাব মঞ্চ। রাত ১০টায় চলমান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।
ঘোষিত চার দফা দাবি:
- হত্যাকাণ্ডে জড়িত ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।
- বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে হবে; না হলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
- আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থাকা ভুল তথ্যদাতা ও আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের চাকরিচ্যুত করতে হবে।
আরও পড়ুন: হাদি হত্যার প্রধান হোতা ভারতে পালিয়েছে, স্বীকার করলো পুলিশ
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































