তারেক রহমান-bnp-newsedge4

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ‘ভোট ডাকাতি’ হতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে রাত ১২টায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “১২ তারিখ ভোট কেন্দ্রে যেতে হবে। কখন যাবেন? ফজর নামাজ পড়ে নয়, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজর পড়বেন। যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। কেউ ষড়যন্ত্র করে আগেই যাতে কেন্দ্রের ভেতরে ঢুকে বসে না থাকে—সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৫/১৬ বছর আপনারা দেখেছেন কীভাবে এই এলাকাসহ সারা বাংলাদেশে আপনাদের ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে গিয়েছিল? এবার ডাকাতি করতে দেবেন? ভোট ডাকাতি হতে দেবেন? ভোট ডাকাতি করতে দেবেন না।”

গাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে গাজীপুর থেকে হাজার হাজার মানুষ ঢাকায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষায় বিরাট অবদান রেখেছে। “এই অবদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।”

তারেক রহমান নিজের শৈশবের কথা স্মরণ করে বলেন, “এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছি। এই মাঠের ওইখানে… রাজবাড়ীর উল্টো দিকে ছোট ছোট দুইটা লাল রঙের বাংলো ছিল। প্রথম যেই বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম—আব্বা, আম্মা, আমি আর আমার ছোট ভাই। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে কেটেছে। গাজীপুরের মানুষের কাছে আমারও একটা হক আছে।”

আরও পড়ুন: আইনশৃঙ্খলা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তারেক রহমান

তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, “এই হিসেবে আপনাদের কাছে আমার দাবি থাকলো—ধানের শীষকে জয়যুক্ত করবেন।”

তারেক রহমান গাজীপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন:

  • নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা
  • মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড
  • শিল্প-প্রতিষ্ঠানে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার
  • যানজট নিরসনে জয়দেবপুর রেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ
  • গাজীপুরের খাল খনন
  • কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান

তিনি বলেন, “আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে বিজয় করতে হবে। গাজীপুর-১ আসনে মজিবুর রহমান, গাজীপুর-২ আসনে এম মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলনকে জয়যুক্ত করুন।”

রাত ১টায় উত্তরার ঈদগাহ মাঠে সর্বশেষ সমাবেশে তারেক রহমান ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীরকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তরাবাসীর বিশেষ অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও পড়ুন: একটি দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে: তারেক রহমান

উত্তরায় গ্যাস-পানির সমস্যা সমাধান, একটি সরকারি হাসপাতাল স্থাপন, জলাবদ্ধতা দূরীকরণ ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দেন তিনি।

গাজীপুর সমাবেশে মহানগর সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এম মঞ্জুরুল করিম রনি ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী সাইয়েদুল আলম বাবুল, বেনজীর আহমেদ টিটো, হুমায়ুন কবির খানসহ অন্যান্য নেতা। তারেক রহমানের সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *