পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২৬ জুন রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ১০ মহররম ১৪৪৮ হিজরি (২৬ জুন ২০২৬) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি অস্ত্রশস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি জানায়, কিছু ব্যক্তি মিছিলে এসব অস্ত্র নিয়ে অংশ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আতশবাজি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই নিষেধাজ্ঞা মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































