রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) বেলা দেড়টার দিকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন। তারা সড়কের দুই পাশে বাস আড়াআড়ি করে রেখে যান চলাচল বন্ধ করে দেন, ফলে মহাখালী, বনানী, গুলশান ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক ও শ্রমিকদের ঝামেলা হয়। এর জেরে শিক্ষার্থীরা একতা পরিবহনের ৭-৮টি বাস আটকে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা মহাখালী রেলগেইট থেকে নাবিস্কো পর্যন্ত সড়কের দুই পাশে বাস রেখে অবরোধ সৃষ্টি করেন।
আরও পড়ুন: পুলিশ বাহিনীকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার
ওসি রাসেল সারোয়ার আরও জানান, এই ঘটনা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা চলছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। এই ঘটনা মহাখালী এলাকায় যানজটের সমস্যাকে আরও জটিল করেছে।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































