মিজানুর রহমান সিনহা-newsedge24

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান। জানাজায় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা।

জানাজা শেষে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রীসহ উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গত শুক্রবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *