বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তিনি বলেন, ভারতে বসে তারা এখনও ষড়যন্ত্র করছে এবং ‘চোরাগোপ্তা হামলার’ পরিকল্পনা করছে। তিনি ‘চোরাগোপ্তা ভাবি’র বাংলাদেশে প্রবেশের চেষ্টার কথাও উল্লেখ করেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক প্রতীকী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেন, “পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি আবার ষড়যন্ত্র করে বা নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে তাদের প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “দেশে নির্বাচনের ঘোষণা এলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় আনবে।” তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে এসে জনগণের ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নেবেন। তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ গড়ে উঠবে।”
আরও পড়ুন: নির্বাচনে জনগণের আস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: তারেক রহমান
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তা উপেক্ষা করেছে, যার কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে। সুষ্ঠু নির্বাচন দিলে এবং গণতন্ত্র বজায় রাখলে এই পরিণতি হতো না।”


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































