আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর বিচার কার্যক্রম নিয়ে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেন।
তাজুল ইসলাম বলেন, “ফজলুর রহমান আলাদা আইনজীবী নিয়োগ করে পিটিশন পাঠিয়েছেন। নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালতের কাছে প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, যা কিছু বলেছেন তা ভুলে বলেছেন। তিনি আদালতে ক্ষমা চান। পিটিশনটি সম্ভবত ৮ ডিসেম্বর শুনানির জন্য থাকবে।”
গত রবিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনাল ও বিচার নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে তাকে শোকজ করা হয়। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আগামী ৮ ডিসেম্বর তার প্রাতিষ্ঠানিক ও আইনজীবী সনদ নিয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না
ফজলুর রহমান ২৩ নভেম্বর শেখ হাসিনার স্টেট ডিফেন্স কাউন্সেল হিসেবে নিয়োগ পান। কিন্তু ২৭ নভেম্বর তার ফেসবুক পোস্টে তিনি বলেন, “শেখ হাসিনার এই আদালতে আস্থা নেই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেখানে আমি তাকে ডিফেন্ড করতে পারি না। এটা অনৈতিক।”


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































