সংগীতশিল্পী মমতাজ-newsedge24

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার (১৩ মে ২০২৫) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। মিরপুর থানার সাগর হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সকাল ১০টা থেকে আদালতের সামনে উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের ভিড় জমে। বেলা ২টার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে। বেলা ৩টার পর তাকে হাজতখানা থেকে বের করে লিফটে করে সাততলার আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় উৎসুক জনতা তাকে ঘিরে ধরে। আদালতকক্ষ আইনজীবীদের উপস্থিতিতে ঠাসা ছিল।

মমতাজ কাঠগড়ায় লোহার রেলিং ধরে নির্বিকারভাবে দাঁড়িয়েছিলেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী সাগর হত্যা মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। মমতাজের পক্ষে উপস্থিত একজন আইনজীবী শুনানির সময় কোনো বক্তব্য দেননি। মমতাজও কোনো কথা বলেননি। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের আদেশের পর একদল আইনজীবী মমতাজকে লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে নামানোর দাবি তোলেন। পুলিশ আইনজীবীদের আদালতকক্ষ ত্যাগের পরামর্শ দিলে তারা পুনরায় লিফট ব্যবহারের বিরোধিতা করেন। পিপি ফারুকী আইনজীবীদের শান্ত থাকার অনুরোধ করেন। বিকেল ৪টায় আইনজীবীদের উপস্থিতি কমে গেলে কড়া পুলিশ পাহারায় মমতাজকে লিফটে করে নিচতলায় আনা হয়। তখনও তাকে ঘিরে ছিলেন উৎসুক জনতা, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *