ইশরাককে মেয়র পদে শপথের দাবিতে টানা সপ্তম দিন বিক্ষোভ-মৎস্য ভবন সড়ক অবরোধ-newsedge4

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। বুধবার (২১ মে, ২০২৫) সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বসে পড়ায় আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

‘ঢাকাবাসী’ ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে ইশরাকের সমর্থকরা মৎস্য ভবন এলাকায় জড়ো হন। তারা ‘ঢাকার মাটি, ইশরাক ভাইয়ের ঘাঁটি’, ‘আমার ভাই তোমার ভাই, ইশরাক ভাই ইশরাক ভাই’, ‘দুর্দিনের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের দাবি জানান। বিপুল সংখ্যক সমর্থক রাস্তায় অবস্থান নেওয়ায় নগর ভবন সংলগ্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে, গেজেট প্রকাশের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তার শপথ গ্রহণের কোনো উদ্যোগ না নেওয়ায় সমর্থকরা আন্দোলন শুরু করেন।

ইশরাকের সমর্থকরা অভিযোগ করছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও আইন উপদেষ্টার ইচ্ছাকৃত বিলম্বের কারণে শপথ গ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে। তারা বলছেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও সরকার আইনের প্রতি অবমাননা দেখাচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *