সোমবার (১৬ জুন ২০২৫) সচিবালয়ে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটি সোমবার বিকেল ৪টায় বৈঠকে বসছে।
ড. আসিফ নজরুল বলেন, “অধ্যাদেশটি অনুমোদনের সময় আমি বিদেশে ছিলাম। আমি এর প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। পরবর্তীকালে আইনটি দেখার পর আমার মনে হয়েছে, কিছু কিছু জায়গায় এটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।”
তিনি জানান, কমিটি বৈঠকে সরকারি কর্মচারীদের দাবিগুলো বিবেচনা করবে এবং কীভাবে এগুলো সমাধান করা যায়, তা ঠিক করবে। কমিটির প্রতিবেদন যত তাড়াতাড়ি সম্ভব উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
আন্দোলনরত সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “কমিটির কাজ পছন্দ না হলে কর্মসূচি দিন। তবে সরকারি কাজে যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রাখুন।”
সরকার আইন উপদেষ্টার নেতৃত্বে এই অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটির সুপারিশ সরকারি কর্মচারীদের দাবি ও অসন্তোষ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































