মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না। সোমবার সচিবালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “না, না কোনো কোটা থাকবে না। তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেব।” তিনি জানান, মন্ত্রণালয় হতাহতদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, তবে এতে ফ্ল্যাট বা চাকরির কোটা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, “পুনর্বাসন নানানভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে, যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান বা আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস-মুরগি বা পশু পালন করেন, সে ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে।”
আরও পড়ুন: শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল
এক প্রশ্নের জবাবে ফারুক ই আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে এখানে না আসা উচিত। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অনস্বীকার্য।” তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসনের বিষয়টিকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































