সালাহউদ্দিন আহমেদ-bnp-newsedge24

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করছে বিএনপি। তিনি জানান, ৫১টি সুপারিশ বাদে বাকি সব বিষয়ে ঐক্য কমিশনের সঙ্গে বিএনপির কোনো দ্বিমত নেই।

শুক্রবার (০১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের শুরুতে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষকগণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদকে প্রবেশ গেটে স্বাগত জানান। এরপর তারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

মাদ্রাসা মিলনায়তনে শায়খুল হাদিস শেখ আহমেদ, মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির এই নেতৃদ্বয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জনগণ শক্তিশালী হলে ফ্যাসিবাদ কায়েম সম্ভব নয়: তারেক রহমান

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা। এ সময় নজরুল ইসলাম খান জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাঁধা দেখছেন না তিনি।

হেফাজত ইসলামের সাবেক দুই আমিরের কবর জিয়ারত শেষে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *