জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যাদের ক্লিন ইমেজ রয়েছে এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পেতে পারেন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাপার দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মোস্তাফিজার বলেন, “আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকাদ্দমা নেই, যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেব না কেন? অবশ্যই দেব। আমাদের ক্যানডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব।” তিনি আরও বলেন, “৩০০ আসনে আমরা প্রার্থী দেব। জাতীয় পার্টির প্রার্থীর চেয়ে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার ক্লিন ইমেজ থাকে এবং সহিংসতার আলামত না থাকে, তাহলে দেব না কেন? ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্য জেলাগুলোতে আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগ দেন, তাদের মনোনয়ন দেব।”
তিনি গণতন্ত্রের প্রসঙ্গে বলেন, “গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষে এবং মব ভায়োলেন্সে জড়িত নয়, তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে। তা না হলে বিএনপি একা হয়ে যাবে। নির্বাচনে জাতীয় পার্টি না থাকলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণঅধিকার পরিষদের মতো দলগুলো থাকতে চায়। তারা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বললে, বিএনপি একা হবে। তখন একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।” তিনি অভিযোগ করেন, বিএনপিকে বিপদে ফেলতে স্বাধীনতাবিরোধী শক্তিরা চেষ্টা করছে।
আরও পড়ুন: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ
সমাবেশে জাপার প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































