ঐকমত্য কমিশন-newsedge24

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন কৌশল চূড়ান্ত না হওয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে আগামী ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কার্যক্রম শুরু করে। তখন কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়, যা ১৫ আগস্ট শেষ হয়। সনদ প্রণয়ন কাজ শেষ না হওয়ায় প্রথমবার মেয়াদ এক মাস বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। সে অনুযায়ী আজকের দিনটি ছিল কমিশনের শেষ দিন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এস.আর.ও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠিত সাত সদস্যের এই কমিশনে অধ্যাপক আলী রীয়াজ সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান

জাতীয় ঐকমত্য কমিশনকে সব ধরনের সচিবালয় সহায়তা দিচ্ছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *