ডেঙ্গুতে আক্রান্ত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন নতুন রোগী। মৃত ৪ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যার মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে এবং শনাক্ত রোগীর সংখ্যা উন্নীত হয়ে ৫২ হাজার ৮৮৫ জন হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৭৯৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছরে মোট ৫০ হাজার ২০৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৭.৭০ শতাংশ পুরুষ এবং ৩২.৩০ শতাংশ নারী।

২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *