নির্বাচন কমিশন-ইসি-সচিব-আখতার_আহমেদ-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, “ইসির পরিকল্পনা অনুযায়ী শতভাগ সম্পন্ন করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় সমন্বয় করতে হয়। কিছু কাজ আগে সম্পন্ন করা হয়েছে, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে, এবং কিছু ক্ষেত্রে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। সময় ও তারিখ মেপে কোনো কাজ করা সম্ভব নয়।”

তিনি জানান, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনসহ ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, “মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, যা পর্যালোচনা করা হচ্ছে। আমরা এই সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন করব।”

নির্বাচনী প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি, তবে শতভাগ কাজ সম্পন্ন করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষিতে কিছু ক্ষেত্রে সমন্বয় করতে হয়। কিছু কাজ আমরা আগেই শেষ করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে, এবং কিছু ক্ষেত্রে আরও অপেক্ষা করতে হবে। এই নমনীয়তা আমাদের রাখতে হচ্ছে। এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না।”

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন নিয়ে বিএনপির আপত্তি ও চিঠি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “বিএনপি থেকে আরপিও নিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *