খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা-newsedge4

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

রিজভী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, তিনি চলে গেছেন। তার মৃত্যুতে সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই সাত দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন।”

তিনি আরও জানান, প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ে শোকবই খোলা হবে। বন্ধুবান্ধব, স্বজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোকবইতে মন্তব্য ও স্বাক্ষর করতে পারবেন। দেশনেত্রীর নামাজে জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের আইসিইউতে তার অবস্থা অত্যন্ত জটিল হয়ে পড়ে। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *