প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরই কাজ করতে হবে। তিনি বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরকেই কাজ করতে হবে।”

দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্‌দী আমিন উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি নিয়ে উপস্থাপনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, “সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন।” বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর কথা উল্লেখ করে তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই ম্যানিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে।”

তিনি স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ ম্যানিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সকলে যদি একসাথে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব।”

দুর্নীতি দূর করার বিষয়েও তিনি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান এবং দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা মেনে চলার নির্দেশ দেন। তিনি বলেন, “জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলতে হবে।”

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এটি ছিল নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *