স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বর্তমান গণতান্ত্রিক সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সারাদেশে ব্যাপক ও সমন্বিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কার্যক্রম বাস্তবায়ন করছে।” মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে নিয়মিত ও বিশেষ অভিযান চলছে। সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং দিন-রাত টহল জোরদার করা হয়েছে। চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে দৃশ্যমান পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে কার্যক্রমের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানো হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, কেস ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) চালু এবং পুলিশ সদস্যদের দেশ-বিদেশে আধুনিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। চেকপোস্ট স্থাপন, টহল জোরদার, বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, আধুনিক স্ক্যানিং মেশিন, বডি-ওর্ন ক্যামেরা এবং যাত্রীদের হয়রানি প্রতিরোধে কঠোর নজরদারি চালু করা হয়েছে।
পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে বহুমুখী অভিযান জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, চেকপোস্ট, সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।
এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত বিজিবি এক কোটির বেশি ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে এবং ১ হাজার ৯২২ জনকে আটক করে ১ হাজার ৭৭১টি মামলা দায়ের করেছে। তিনি আরও জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও কাউন্সেলিং সেবা প্রদান এবং ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরদের পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানায় মামলা বা জিডি করতে গিয়ে যাতে কোনো নাগরিক হয়রানির শিকার না হন, সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সব থানায় অনলাইনে সাধারণ ডায়েরি দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে। থানা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।











































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































