বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে শনিবার রাতে তার ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন। গুলশান-২ নম্বরে অবস্থিত শামীম ইস্কান্দারের বাসার উদ্দেশে রাত ৯টা ১০ মিনিটের দিকে তার গাড়িবহর ফিরোজা থেকে রওনা দেয়।
বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। কারামুক্তির পর থেকে শারীরিক অবস্থার কারণে তিনি দলীয় বা জনসাধারণের কোনো কর্মসূচিতে অংশ নেননি। সর্বশেষ তিনি গত বছর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
দলীয় সূত্র জানায়, শনিবারের এই পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়া বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সময়ে বিরল উপস্থিতি। তার স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এই সফর পরিচালিত হচ্ছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































