বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কখনো ক্ষমা করা যাবে না, তার বিচার হবেই।” রাজধানীর শেরে বাংলানগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রত্যেক শহীদের নামে সমাধি প্রাঙ্গণে একটি করে নিম গাছ রোপণ করা হয়।
জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের কথা তুলে ধরে ফখরুল বলেন, “একজন মা তার ছেলের ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার লাশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা কী নির্মম!” তিনি প্রশ্ন তোলেন, “আমরা ১৯৭১-এর যুদ্ধ করেছি স্বাধীন দেশের জন্য, কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় চলা পুলিশ ও প্রশাসন আমাদের সন্তানদের হত্যা করছে।”
তিনি জোর দিয়ে বলেন, “হাসিনার এই নিষ্ঠুর ও অমানবিক কাজের জন্য তাকে ক্ষমা করা যাবে না। আমাদের প্রথম কাজ হবে তাদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন এবং আহতদের উন্নত চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন। এটা না হলে ভবিষ্যৎ জাতি আমাদের ক্ষমা করবে না।”
আরও পড়ুন: সরকারের প্রতি স্বচ্ছ ও সাহসী ভূমিকার আহ্বান তারেক রহমানের
ফখরুল আরও জানান, বিএনপি শহীদ ও আহত পরিবারদের জন্য একটি ফান্ড গঠন করবে। তিনি বলেন, “আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, দলের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করতে, যাতে শহীদ ও আহত পরিবারদের পুনর্বাসন করা যায়। ইতোমধ্যে ‘আমরা বিএনপি পরিবার’ তাদের পাশে দাঁড়িয়েছে।” তিনি নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “নির্বাচন হবেই। কে দায়িত্ব পাবে তা পরের বিষয়। আমাদের লক্ষ্য শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়া।”



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































