রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার (২১ জুলাই ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।
তারেক রহমান লিখেন, “মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই, কোনো শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রতিষ্ঠানে এমন আতঙ্কের মুখোমুখি হতে না হয়। আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে। আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাজীবীদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই পরিস্থিতি একসঙ্গে মোকাবিলা করতে হবে।”
আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ
ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে, যখন বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে। সে সময় স্কুলে শিশু শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, এবং ১৬৪ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাস্পাতালে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































