সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সারা দেশে সাধারণ ছুটি পালিত হবে। চলতি মাসের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে প্রতি বছর ৫ আগস্টকে এই দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে।
আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন
বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
ব্যাংকিং কার্যক্রম: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৫ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এই দিনে সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং এবং অন্যান্য ব্যাংকিং সেবা পাওয়া যাবে না। তবে গ্রাহকরা এটিএম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন।
আর্থিক প্রতিষ্ঠান: ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, যেমন—লিজিং কোম্পানি, কনজুমার ফাইন্যান্স এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো এই দিন বন্ধ থাকবে।
শেয়ারবাজার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)-এ ৫ আগস্ট কোনো শেয়ার কেনাবেচা বা লেনদেন হবে না।
অন্যান্য দপ্তর: সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো এই দিন বন্ধ থাকবে। এছাড়া কিছু বেসরকারি প্রতিষ্ঠানও তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































