বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, “আমি পালাব না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।” তিনি আরও জানান, “আমি শুধু ভয় পাচ্ছিলাম, কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।” গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এটা আমার দাদার বাড়ি, বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছি।”
জসীম উদ্দিন খান জানান, তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে এবং আজ সোমবার (২৫ আগস্ট) তাকে আদালতে হাজির করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তার সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন।
আরও পড়ুন: ফজলুর রহমানকে বিএনপির শোকজ
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া এই হত্যা মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তৌহিদ আফ্রিদি এই মামলায় ১১ নম্বর আসামি।
এর আগে, গত ১৭ আগস্ট একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মামলায় ২২ নম্বর আসামি। গুলশান থেকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































