রাজধানীর বারিধারা এলাকার একটি সিসা বার থেকে অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) ভোর ৪টার দিকে তাকে তার মালিকানাধীন সিসা বার থেকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেলিম প্রধান বারিধারা এলাকায় একটি সিসা বার পরিচালনা করছিলেন। ভোরে তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে।”
এর আগে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার গুলশান ও বনানীর বাসা এবং অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৫৭ কোটি ৭৯ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন ও ২১ কোটি ৯৯ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ভোগ শেষে ২০২৪ সালে তিনি কারামুক্ত হন।
গত বছর সেলিম প্রধান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া, তিনি গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে আরও তিনটি মামলায় জামিনে ছিলেন।
আরও পড়ুন: নাশকতার পরিকল্পনায় সাবেক এমপি সহ আ’লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজনৈতিক অঙ্গনে সেলিম প্রধান গত ২০ জুন, ২০২৫-এ আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটি জাতীয়তাবাদী, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। এছাড়া, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































