বিএনপিকে-মির্জা ফখরুল-newsedge24

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজ পরিবর্তন ও সাধারণ মানুষের অবস্থার উন্নয়নের জন্য শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে। শুক্রবার বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে আয়োজিত শোকসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আজ যারা রাজনীতি করছি, তারা বদরুদ্দীন উমর সাহেবের কাছে খুবই ছোট। তিনি কখনো আপস করেননি। তিনি সবসময় বলতেন, সংগঠন-সংগঠন-সংগঠন। বিপ্লব তখনই সফল হয় যখন শক্তিশালী সংগঠন থাকে। আজকের হতাশার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব সম্ভব নয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “বদরুদ্দীন উমর অদ্বিতীয় ছিলেন। ভীতি বা মোহ তাকে কখনো গ্রাস করেনি। তিনি সারাজীবন সংগ্রামে অবিচল ছিলেন এবং ক্লান্তি জানতেন না। বিপ্লবের জন্য যে সংস্কৃতি প্রয়োজন, তা তিনি যেভাবে বুঝতেন, খুব কম বামপন্থী তা বুঝতে পেরেছেন।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “আমি বদরুদ্দীন উমরের রাজনৈতিক ঘরানার নই। আমি ছাত্রলীগ করতাম। সে সময় রাজনীতিতে জ্ঞানের প্রয়োজনীয়তা তিনি এনেছিলেন। তাঁর প্রয়াণের পর বুঝতে পারছি, আমার বেড়ে ওঠায় তাঁর ভূমিকা ছিল। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “সাম্রাজ্যবাদ বা বিপ্লবী তত্ত্ব বোঝার জন্য বদরুদ্দীন উমরের কাছে যেতে হবে। ১৯৫২ থেকে ১৯৭৪ সালের ইতিহাস জানতে তিনি একজন অনিবার্য সঙ্গী। তাঁর রাজনীতি শক্ত বুদ্ধিবৃত্তিক ভিত্তির ওপর গড়ে উঠেছিল। তরুণদের মধ্যে ‘আগে কিছুই হয়নি, আমরাই সব শুরু করব’—এই ধারণা ঠিক নয়।”

আরও পড়ুন: নির্বাচনে জনগণের আস্থা নিশ্চিত করা আমাদের দায়িত্ব: তারেক রহমান

সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *