হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটে, যার জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।
ঘটনার সময় আখতার হোসেন ও তাসনিম জারা বিমানবন্দরে পৌঁছাননি। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরেছেন।
এ ঘটনায় এনসিপি পরে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকদের সঙ্গে নেতা-কর্মীদের অসদাচরণের অভিযোগ দুঃখজনক ও নিন্দনীয়।” দলটি জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ভারত এবং পতিত ফ্যাসিস্টদের উস্কানি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিবৃতিতে আরও বলা হয়, “নতুন বাংলাদেশ গড়ার পথে সাংবাদিকরা আমাদের সহযাত্রী। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। ভবিষ্যতে এনসিপি এ বিষয়ে আরও সতর্ক থাকবে এবং সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।”






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































